1. kafayatullahsharif@gmail.com : admin :
  2. kfsharif2011@gmail.com : Newadmin :
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি - দৈনিক সংগ্রামী কন্ঠ
April 17, 2026, 7:25 pm

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি

জহির শাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : Monday, March 2, 2026
  • 146 Time View

জহির শাহ্ , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি , ২ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্তপথ দিয়ে মাদকদ্রব্যের অবাধ প্রবেশ বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিতভাবে পদক্ষেপ চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন তিনি।
সংসদ সদস্যের ঘনিষ্ঠ সূত্র ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, নিজ নির্বাচনী এলাকায় মাদক নির্মূলে এমপি মুশফিকুর রহমান ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর অবস্থান নিয়েছেন এবং নির্বাচনের আগেও এ বিষয়ে একাধিকবার প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে সংসদ সদস্য উল্লেখ করেন, বিগত সরকারের সময় থেকেই কসবা উপজেলার বায়েক ও কায়েমপুর ইউনিয়ন এবং আখাউড়া উপজেলার মনিয়ন্দ, মোগড়া, উত্তর ও দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী চোরাই পথে সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে ভারত থেকে প্রতিদিন গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে প্রবেশ করছে। এসব মাদক সড়ক ও রেলপথে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। সীমান্ত এলাকার কিছু চিহ্নিত ব্যক্তি এই চোরাচালানের সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে।
চিঠিতে পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় নজরদারি জোরদারসহ জরুরি প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
এদিকে কসবা ও আখাউড়া উপজেলায় অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য। এ সংক্রান্ত পৃথক চিঠিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নে রাতের আঁধারে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠে এসেছে।
চিঠিতে বলা হয়, অবৈধ বালু উত্তোলনের ফলে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে, ফসলি জমির উৎপাদনক্ষমতা কমে যাচ্ছে এবং নদীতীরবর্তী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে বাড়িঘর ও কৃষিজমি ঝুঁকির মুখে পড়ছে। এসব কর্মকাণ্ড বন্ধে দ্রুত অভিযান পরিচালনা করে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশনার কথাও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category