
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত ১ হাজার ১৩১ জন কর্মচারী তাদের মজুরি পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন।
দাবিদার কর্মীদের ভাষ্য অনুযায়ী, সারা দেশের বিভিন্ন জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অফিস সহায়ক, নৈশপ্রহরী ও ঝাড়ুদার—এই তিন শ্রেণির পদে তারা দীর্ঘদিন ধরে দৈনিক মজুরি ভিত্তিতে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তাদের নির্ধারিত দৈনিক মজুরি যথাক্রমে ১২০, ৮০ ও ৬০ টাকা বলে দাবি করেছেন তারা।
কর্মীরা জানান, বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, বাসাভাড়া, যাতায়াত ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এই সামান্য মজুরি দিয়ে সংসারের প্রয়োজন মেটানো তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন দায়িত্ব পালন করেও তারা পর্যাপ্ত আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তাদের।
তাদের দাবি, ২০২৫ সালের দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদের জন্য নির্ধারিত মজুরির হার বিবেচনায় নিয়ে নিবন্ধন অধিদপ্তরের আওতাধীন দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের মজুরি পুনর্নির্ধারণ করা হোক। একই সঙ্গে তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা।
দাবিদার কর্মীরা বলেন, দেশের বিভিন্ন সরকারি দপ্তরে দায়িত্ব পালন করলেও তাদের বর্তমান মজুরি দিয়ে স্বাভাবিক জীবনযাপন করা কঠিন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাস্তবতায় মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের বিষয়টি বিবেচনা করে দ্রুত মজুরি বৃদ্ধির উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে তারা প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ২০২৫ সালের নির্ধারিত দৈনিক মজুরির হার অনুসরণ করে তাদের পারিশ্রমিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
কর্মীদের প্রত্যাশা, তাদের দীর্ঘদিনের দায়িত্ব ও বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সরকার বিষয়টি মানবিক ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।