1. kafayatullahsharif@gmail.com : admin :
  2. kfsharif2011@gmail.com : Newadmin :
সোহারের পার্কিংয়ে মিলল প্রবাসী উদ্যোক্তার নিথর দেহ, শোকে স্তব্ধ বিজয়নগর - দৈনিক সংগ্রামী কন্ঠ
June 3, 2026, 3:14 pm

সোহারের পার্কিংয়ে মিলল প্রবাসী উদ্যোক্তার নিথর দেহ, শোকে স্তব্ধ বিজয়নগর

ডেক্স রিপোর্ট
  • Update Time : Tuesday, June 2, 2026
  • 12 Time View

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তরুণ প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমানের রহস্যজনক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামের বাড়িসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে। ওমানে নিখোঁজ হওয়ার চার দিন পর তার মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।
নিহত মিজানুর রহমান (৩২) উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ওমানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং সেখানে একজন সফল ও পরিচিত প্রবাসী উদ্যোক্তা হিসেবে সুনাম অর্জন করেছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ মে নিজস্ব গাড়ি নিয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। আত্মীয়-স্বজন ও প্রবাসী পরিচিতজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এতে পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।
অবশেষে সোমবার (১ জুন) সকালে ওমানের আল বাতিনা উত্তর গভর্নররেটের রাজধানী সোহারে অবস্থিত লুলু হাইপার মার্কেটের পার্কিং এলাকায় তার ব্যক্তিগত গাড়ির ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য নিজেদের হেফাজতে নেয়।
স্বজনদের দাবি, মিজানুর রহমানের মৃত্যু ঘিরে এখনো অনেক প্রশ্নের উত্তর মিলেনি। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। এ ঘটনায় ওমান পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
এদিকে মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের কাজ শুরু হয়েছে। শেষবারের মতো প্রিয় সন্তানকে দেখতে এবং নিজ গ্রামের মাটিতে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষার সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, ওমানে একজন বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তরুণ এই প্রবাসী উদ্যোক্তার অকাল ও রহস্যঘেরা মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর ভিটিদাউদপুর গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের কান্না আর প্রিয়জন হারানোর বেদনায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category