1. kafayatullahsharif@gmail.com : admin :
  2. kfsharif2011@gmail.com : Newadmin :
সংঘর্ষে রণক্ষেত্রে মহাসড়ক, ব্রাহ্মণবাড়িয়ায় তিন ঘণ্টা আতঙ্কে জনপথ। - দৈনিক সংগ্রামী কন্ঠ
April 17, 2026, 6:56 pm

সংঘর্ষে রণক্ষেত্রে মহাসড়ক, ব্রাহ্মণবাড়িয়ায় তিন ঘণ্টা আতঙ্কে জনপথ।

জহির শাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : Thursday, October 23, 2025
  • 308 Time View

জহির শাহ্ || ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || ২৩ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সুহিলপুরে দুই পক্ষের মধ্যে টানা তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। টর্চলাইটের আলোয় দফায় দফায় চলা এ সংঘর্ষে কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়ে যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

পুলিশ ও স্থানীয়দের তথ্যে জানা যায়, তিন দিন আগে উকিল গোষ্ঠীর সাদ্দাম মিয়া আজিজ গোষ্ঠীর আক্তার হোসেনকে তুচ্ছ একটি বিষয় নিয়ে চড় মারেন। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ওই ঘটনার জের ধরে বুধবার রাতে নন্দনপুর বাজারে সালিশ বৈঠক বসানো হয়।

সালিশ চলাকালে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষই টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে পড়ে এবং বাজারের আশপাশে ছড়িয়ে পড়ে সংঘর্ষ।

সংঘর্ষ চলাকালে দোকানপাট, ঘরবাড়ি ও যানবাহনে হামলা চালানো হয়। একাধিক দোকান ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

তবে সংঘর্ষের তীব্রতা বেড়ে গেলে পরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় সদর থানার পুলিশ সদস্য জিয়াউরসহ আরও কয়েকজন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে যৌথবাহিনী এসে নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, টর্চলাইটের আলোয় সংঘর্ষের সময় পুরো এলাকা আতঙ্কে কেঁপে ওঠে। এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও মানুষ এখনো আতঙ্কে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category