
জহির শাহ্ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ৭ অক্টোবর ২০২৫
বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপনে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা যেন রঙিন উৎসবে রূপ নেয়। “শিক্ষকই জাতির আলো”— এই প্রতিপাদ্যে শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও বেলুন-ফেস্টুনে সজ্জিত আলোচনা সভা।
দিনটি উপলক্ষে সকাল থেকেই শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের কর্মকর্তারা উৎসবের আবহে মিলিত হন কসবা উপজেলা পরিষদ প্রাঙ্গণে। সেখান থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। পরে মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যার সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ ভূইয়া।
সভায় বিশেষ অতিথি ছিলেন কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. তসলিম মিয়া, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শিবলী নোমানী, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, এবং উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয়।
বক্তব্য রাখেন কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সফিকুর রহমান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, বিষ্ণাউরি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল ফায়েজ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা তুহিন কান্তি দাস, এবং কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাকসিমুল হাসান আকিব।
আলোচনা সভায় বক্তারা বলেন, “শিক্ষক শুধু পাঠদাতা নন—তিনি সমাজ পরিবর্তনের কারিগর, জাতি গঠনের স্থপতি।” বক্তাদের প্রাণবন্ত বক্তব্য, শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর শিক্ষকদের সংহতির বার্তায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে অংশ নেন উপজেলার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষাংশে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী উৎসবের পরিসমাপ্তি ঘটে।