ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হরিপুর ও পূর্বভাগ এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে অবৈধ কাজে ব্যবহৃত ৬টি ড্রেজার মেশিন অকার্যকর করে দেওয়া হয়। এছাড়া মাটি উত্তোলনে ব্যবহৃত প্রায় ৫ থেকে ৬ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ওইসব এলাকায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমির মাটি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল, যার ফলে ফসলি জমি ও পরিবেশ হুমকির মুখে পড়ছিল।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটা কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।